বাড়িঅন্যান্যঅনিয়ন্ত্রিত বালু ও পাথর উত্তোলন রোধে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটে দুটি স্টোন ক্রাশার...

অনিয়ন্ত্রিত বালু ও পাথর উত্তোলন রোধে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটে দুটি স্টোন ক্রাশার জোন স্থাপন হচ্ছে

অনিয়ন্ত্রিত বালু ও পাথর উত্তোলন রোধে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটে দুটি স্টোন ক্রাশার জোন স্থাপন হচ্ছে ৷

সিলেটে পাথর কোয়ারি সমূহ থেকে অনিয়ন্ত্রিত বালু ও পাথর উত্তোলন বন্ধে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটে দুটি স্টোন ক্রাশার জোন নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান এ তথ্য জানিয়ে বলেছেন, পরিবেশকে সমুন্নত রেখে বালু ও পাথর উত্তোলন করতে হবে। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, আমাদেরকে অবশ্যই প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ ও যথাযথ ব্যবহার সুনিশ্চিত করতে হবে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত ‘অনিয়ন্ত্রিত বালু ও পাথর উত্তোলন বন্ধে ফিরেছে কি প্রকৃতি’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।

গতকাল সোমবার নগরীর একটি অভিজাত হোটেলের বলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়। বেলা’র প্রধান নির্বাহী, বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবী এডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মোবারক হোসেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ২০২০ সাল থেকে পাথর উত্তোলন বন্ধ থাকায় আমরা কিছুটা হলেও পরিবেশ ফিরে পেয়েছি। এই ধারা অব্যাহত রেখে পরিবেশকে সুরক্ষিত রাখতে হবে। এ ব্যাপারে সরকারের সদিচ্ছার কথা জানিয়ে তিনি বলেন, আইনের বাস্তবায়নের মাধ্যমে প্রকৃতির উপর সকল অনাচার বন্ধ করা হবে। তিনি আরো বলেন, পূর্বের তুলনায় প্রশাসন অনেক বেশি জনবান্ধব। আমরা তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে চাই।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রকৃতি যদিও পূর্বের অবস্থানে ফিরেনি, তবুও আগের তুলনায় যথেষ্ট ভালো আছে। অনিয়ন্ত্রিত বালু ও পাথর উত্তোলনের দায়ে গত বছর সিলেটে মামলা হয়েছে ৫৩টি। এর মধ্যে ৫১ টি মামলার চার্জশীট আমরা দিয়েছি। অর্থাৎ প্রকৃতির উপর অনাচার করে কেউ রক্ষা পাবে না। সকলকেই বিচারের আওতায় আনা হবে।

সভাপতির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জাফলং জাতীয় এবং প্রাকৃতিক ঐতিহ্য। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা নদী রেখে যাবো নাকি ফিউচার পার্ক রেখে যাবো-সেই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। পাথর উত্তোলনের জন্য আমাদের নদীকে ধ্বংস করতে দেয়া যাবে না। তিনি বলেন, সিলেটের কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট সীমান্তবর্তী এ ৪ টি উপজেলায় সরকারি তালিকাভুক্ত ৮ টি পাথর কোয়ারী আছে। প্রতিটি স্থানই কোনো না কোনো কারণে বিশেষ প্রাকৃতিক গুরুত্ব বহন করে। ভোলাগঞ্জ, উৎমাছড়া, চিকাডহর, রতনপুর, জাফলং, বিছনাকান্দি, লোভাছড়া ও শ্রীপুর আসল চেহারা হারিয়ে ফেলেছে। জীব বৈচিত্র্য তথা পরিবেশ ও প্রতিবেশকে ক্ষতির হাত থেকে বাঁচাতে সকলের সহযোগিতা ও সচেতনতার আহ্বান করেন তিনি।

এ সময় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, ইরফানুজ্জামান চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সনাকের সভাপতি সমিক সহিদ জাহান, মাহবুবুল আলম চৌধুরী, জুবায়ের আহমদ, মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, এ.কে. শেরাম, নাসিমা চৌধুরী, সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, বন কর্মকর্তা মো. সাদ উদ্দিন আহমদ, ড. মো. শফিকুল ইসলাম প্রমূখ। সার্বিক অবস্থার উপর ধারণা প্রদান করেন বেলার বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments