বাড়িবাংলাদেশেঢাকা বিভাগঅহংকার ও ক্ষমতার দম্ভের পরিণতি জুলাই গণঅভ্যুত্থান সব দলের শিক্ষা নেওয়া উচিত:...

অহংকার ও ক্ষমতার দম্ভের পরিণতি জুলাই গণঅভ্যুত্থান সব দলের শিক্ষা নেওয়া উচিত: মিয়া গোলাম পরওয়ার

আনিসুর রহমান ,সোনারগাঁ নিজস্ব  প্রতিনিধি :

নারায়ণগঞ্জ, ৪ ফেব্রুয়ারি:

অসীম ক্ষমতার আত্মঅহংকার ও শক্তির দম্ভে বেপরোয়া হলে কী ভয়াবহ পরিণতি হয়—তা জুলাই গণঅভ্যুত্থান থেকে দেশের সব রাজনৈতিক দলের শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক টার্মিনালে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের সম্মিলিত উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, আসন্ন নির্বাচনে নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরে গণভবনের এক কর্মকর্তার সহায়তায় বিএনপি ভারতের সঙ্গে হাত মিলিয়ে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সাইবার হামলা চালাচ্ছে। উদ্দেশ্য একটাই—আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানকে বিতর্কিত করা। তবে এসব ষড়যন্ত্র করে ইসলামী আন্দোলনকে দমন করা যাবে না।

তিনি বলেন, গত ৫৪ বছরে যারা রাষ্ট্রক্ষমতায় ছিল, তারা নৈতিকতা, আদর্শ, চরিত্র, ইনসাফ, ন্যায়বিচার, দেশপ্রেম ও মানবিকতার প্রতিটি পরীক্ষায় ব্যর্থ হয়েছে। রাষ্ট্র পরিচালনায় তারা চরমভাবে ফেল করেছে। তাই ব্যর্থ ও পরীক্ষায় অকৃতকার্য কোনো দলকে জনগণ আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে না।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াতে ইসলামী কখনো এককভাবে দেশ শাসনের সুযোগ পায়নি। জনগণ ধানের শীষ, নৌকা ও লাঙ্গলের পরীক্ষা নিয়েছে কিন্তু দাঁড়িপাল্লার পরীক্ষা নেয়নি। তাই আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতসহ ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করে আমাদের একটি সুযোগ দিন, একটি পরীক্ষা নিন। আমরা নিশ্চয়তা দিতে পারি—দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক একটি নতুন রাষ্ট্র উপহার দেব।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থাকে নৈতিকতার ভিত্তিতে ঢেলে সাজানো হবে। এমন একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালু করা হবে, যেখান থেকে কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা থেকে বেরিয়ে আসা তরুণরা সততা, নৈতিকতা, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি ও অর্থনীতিতে বিশ্বমানের নেতৃত্ব দেবে এবং বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে আন্তর্জাতিক অঙ্গনে সম্মানিত করবে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফ্যামিলি কার্ড প্রদানের ঘোষণার সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে মানুষ ১৮ কোটি, আর কার্ড দেওয়া হবে ৫০ কুটি, এটা নিছক মিথ্যা ও গুজবনির্ভর প্রতিশ্রুতি। এসব ওয়াদা শেখ হাসিনার ১০ টাকা কেজি চাল দেওয়ার প্রতিশ্রুতির মতোই অবাস্তব। অপরদিকে জামায়াতে ইসলামী অঙ্গীকার করছে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে ৬০ বছরের ঊর্ধ্বে সব নাগরিক ও ৫ বছরের নিচে শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। গর্ভধারিণী মায়েদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্র নেবে।

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানকে ‘সন্ত্রাসীদের গডফাদার’ আখ্যা দিয়ে তিনি বলেন, একসময় শামীম ওসমান জামায়াতে ইসলামীর জন্য নারায়ণগঞ্জে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছিল। আজ সেই নারায়ণগঞ্জেই আমরা প্রকাশ্যে জনসভা করছি, অথচ তিনি এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন এটাই সত্যের বিজয়।

পরিশেষে  তিনি জেলার ৫টি আসনের ১১ দলীয় জোট প্রার্থীদের হাতে নিজ নিজ দলের প্রতীক তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বারের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মঈনুল হক সরকার, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের প্রার্থী অধ্যাপক ইলিয়াছ মোল্লা, নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের প্রার্থী ডা. ইকবাল হোসেন ভূঁইয়া, নারায়ণগঞ্জ-৫ আসনের ১১ দলীয় জোটের এনসিপির প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ-৫(সদর-বন্দর) আসনের জোট প্রার্থী খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন ও  এনসিপির তুহিন মাহমুদসহ জোটের স্থানীয় নেতারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments