
মোঃ তৌফিক রহমান,ধামইরহাট(নওগাঁ)শিক্ষানবিশ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুর উপজেলার গোপালপুর গ্রামে এক খামারির গরু একসাথে চারটি বাছুর প্রসব করেছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে এই বিরল ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
জানা যায়, গোপালপুর গ্রামের খামারি আব্দুল মান্নানের পালিত একটি দেশি জাতের গাভী স্বাভাবিকভাবে একসঙ্গে চারটি বাছুর প্রসব করে। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আশপাশের মানুষ জন খামারবাড়িতে ভিড় জমাচ্ছেন এই বিরল দৃশ্য দেখার জন্য।
গাভী ও চারটি বাছুরই সুস্থ রয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় পশু চিকিৎসক। সাধারণত একটি গাভী এক বা দুইটি বাছুর জন্ম দিলেও একসাথে চারটি বাছুর প্রসব অত্যন্ত বিরল ঘটনা।
গাভীর মালিক আব্দুল মান্নান জানান, “আমি ১০ বছর ধরে গরু পালন করছি। কিন্তু এই প্রথম এমন কিছু দেখলাম। এটা আল্লাহর বিশেষ রহমত।”
স্থানীয়রা এই ঘটনাকে আশীর্বাদ ও সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখছেন। পশু চিকিৎসকরা বলছেন, গরুর শরীর স্বাস্থ্য ও প্রাকৃতিক প্রজননেই এই ধরনের ঘটনা সম্ভব হলেও তা খুবই বিরল।

