
মোহাম্মদ ফখরুল ইসলাম (নিজস্ব প্রতিনিধি বাঁশখালী)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসনে ৮৯ ৯৬০ ভোটে বিজয়ী হয়েছেন অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। তিনি জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করে ৮৯,৯৬০ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে ৭,৭২৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
বাঁশখালীর মোট ১১২টি কেন্দ্রের ফলাফল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ জামশেদুল আলম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
বেসরকারি ফলাফলে অন্যান্য প্রার্থীদের ভোটসংখ্যা ছিল: ফুটবল (স্বতন্ত্র) – ৫৫,০৭১ ভোট,
হাতপাখা (ইসলামী আন্দোলন) ৩,৯৭৮ ভোট,
চেয়ার (সুন্নী জোট) ৮১১ ভোট, ট্রাক (গণঅধিকার পরিষদ) ২৪১ ভোট, এবং হারিকেন প্রতীকের (মুসলিম লীগ) ১০৪ ভোট।
১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সর্বমোট ১১২টি কেন্দ্রে ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বড় ধরনের কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন করায় প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নির্বাচনকালে ভোটারদের উপস্থিতি ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
ফলাফল ঘোষণার পর অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন,সকলকে ধন্যবাদ জানান এবং আনন্দ মিছিলের পরিবর্তে তিনি সংক্ষিপ্ত আকারে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

