
আল-ইবনুন নাফিস,দুর্গাপুর(নেত্রকোনা)নিজস্ব প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন চণ্ডীগড় ইউনিয়নের চারবারের সফল চেয়ারম্যান আলহাজ্ব ইমাম হাসান আবুচান। সোমবার (০৫ জানুয়ারি, ২০২৬) সকালে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইমাম হাসান আবুচান বলেন, “আমি ও আমার পরিবার দীর্ঘকাল ধরে জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত। একটি কুচক্রী মহল আমাদের রাজনৈতিক ও সামাজিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফেক আইডি ব্যবহার করে ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রচার করছে।”
তিনি আরও উল্লেখ করেন, গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে তার নেতৃত্বে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দুর্গাপুর থানা, উপজেলা পরিষদসহ বিভিন্ন সরকারি স্থাপনা এবং সনাতন ও খ্রিষ্ট ধর্মাবলম্বীদের মন্দির ও গির্জা পাহারার মাধ্যমে সুরক্ষা প্রদান করেছেন। এছাড়া স্থানীয় ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তায় তারা সচেষ্ট ছিলেন।
চেয়ারম্যান আবুচান দাবি করেন, ওই কুচক্রী মহলটি অরাজকতা সৃষ্টি করে কাঙ্ক্ষিত ফায়দা লুটতে ব্যর্থ হওয়ায় এখন তার ও তার পরিবারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। তিনি এসব মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা এনামুল হক, নুরুল তালুকদার, বিদ্যুৎ সরকারসহ স্থানীয় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

