
আল-ইবনুন নাফিস,দুর্গাপুর (নেত্রকোনা) নিজস্ব প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থীগণ, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষক মণ্ডলী, সুশীল সমাজের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভার মূল উদ্দেশ্য ছিল নির্বাচনকে কেন্দ্র করে সকল পক্ষের মধ্যে আস্থা সৃষ্টি, নির্বাচন আচরণবিধি সম্পর্কে অবহিতকরণ এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানার সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান। । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. ওয়াহিদুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, “অতীতের মতো কেউ যদি নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করেন, তবে সে চিন্তা থেকে এখনই বেরিয়ে আসতে হবে। এবারের নির্বাচন হবে সম্পূর্ণ স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ।” তিনি বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা নিশ্চিত থাকবে।
তিনি আরও বলেন, ভোটগ্রহণের আগের রাতে কোনো ধরনের কেন্দ্র দখল, ব্যালট প্রস্তুতি বা অনিয়মের সুযোগ থাকবে না। ব্যালটের গোপনীয়তা শতভাগ রক্ষা করা হবে এবং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সকল কার্যক্রম পরিচালিত হবে।
জেলা প্রশাসক জানান, আগামী ২১ জানুয়ারি সংসদ নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে প্রার্থী ও তাদের সমর্থকেরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা নিজেরা ভোট দেবেন এবং অন্যদের ভোট দিতে উৎসাহিত করবেন।”
তিনি বলেন, “বাংলাদেশের ভবিষ্যৎ আপনাদের হাতেই। নির্বাচনে সবাই সৌজন্যমূলক, দায়িত্বশীল ও শালীন আচরণ করবেন। কেউ যেন নির্বাচন আচরণবিধি লঙ্ঘন না করেন। রাজনৈতিক আচরণকে নির্বাচনী আচরণে রূপান্তর করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, নির্বাচনকে ঘিরে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন বা অবৈধ কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন নির্বাচন আচরণবিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং সকল প্রার্থী ও সমর্থকদের নির্বাচন কমিশনের সকল নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
সভায় দুর্গাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নেত্রকোনা-১ আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরাও বক্তব্য রাখেন। তারা সবাই শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভাটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সভা শেষে অংশগ্রহণকারীরা একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

