
আল ইবনুন নাফিস,দুর্গাপুর (নেত্রকোনা)নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুর্গাপুর উপজেলা, পৌর শাখা এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে দলীয় কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।
সকাল থেকেই বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকাতুর নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে ভিড় করতে থাকেন। কর্মসূচির শুরুতে জাতীয় ও কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ করা হয়। এরপর মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে তাঁর জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীকে ধৈর্য ধারণের শক্তি দেওয়ার অনুরোধ জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ এবং সাধারণ সম্পাদক হারেজ গণি। এ ছাড়াও উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় মাদ্রাসার হাফেজগণ এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। তাঁর রাজনৈতিক ত্যাগ ও আপসহীন নেতৃত্ব জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে তিনি গণতন্ত্র রক্ষায় যে নিঃস্বার্থ ভূমিকা রেখেছেন, তা ইতিহাসে ভাস্বর হয়ে থাকবে।”

