
মো: নাইমুর রহমান,ফুলবাড়ী(দিনাজপুর)নিজস্ব প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে বিস্ফোরক মামলায় পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ হাসান মেহেদী রুবেল (৪২)কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৪ মে) রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের শাপলা চত্বর (ঢাকা মোড়) এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রুবেল ওই এলাকার মৃত সৈয়দ আলাউদ্দিন আবুল কালামের ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, বিএনপির এক মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে সৈয়দ হাসান মেহেদী রুবেলকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ফুলবাড়ীতে আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে উপজেলা বিএনপি একটি বিক্ষোভ মিছিল বের করে। এসময় দুর্বৃত্তদের ককটেল হামলায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম, যুবদল কর্মী নুরুন্নবী বকুলসহ কয়েকজন নেতাকর্মী আহত হন।
পরে ৬ ফেব্রুয়ারি এ ঘটনায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০-১৫০ জনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।

