
মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের উকিলের পাড়া ৪নং ওয়ার্ড এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে। স্থানীয় KNB ইটভাটার পেছনে জাহেদুল ইসলাম ও নাজিমের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাটি কেটে বিক্রি করে আসছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় প্রায় ১০ থেকে ১২ ফুট গভীর করে মাটি কাটা হয়েছে। এতে একদিকে যেমন এলাকার প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সৃষ্টি হয়েছে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা। বিশেষ করে বর্ষা মৌসুমে এসব গভীর গর্তে পানি জমে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এলাকাবাসী জানান, মাটি কাটার ফলে আশপাশের বসতভিটা, চলাচলের রাস্তা এবং কৃষিজমি হুমকির মুখে পড়েছে। শিশু, নারী ও বয়স্কদের চলাচল চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। রাতের আঁধারে এবং কখনো প্রকাশ্যেই মাটি বোঝাই ট্রাক চলাচল করায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারির অভাবে প্রভাবশালী মাটি খেকোরা নির্বিঘ্নে এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পরিবেশ সংরক্ষণ আইন ও ভূমি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে এভাবে মাটি কাটলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে অবৈধ মাটি কাটা বন্ধ করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি ইতোমধ্যে সৃষ্ট গভীর গর্ত ভরাট করে এলাকার নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
জনস্বার্থে বিষয়টি দ্রুত তদন্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে বড় ধরনের দুর্ঘটনার দায় এড়ানো যাবে না বলে সতর্ক করেছেন সচেতন মহল।