
আল-ইবনুন নাফিস,দুর্গাপুর (নেত্রকোনা) নিজস্ব প্রতিনিধি |
১৪ জানুয়ারি, ২০২৬।
ময়মনসিংহ বিভাগের আওতাধীন বিভিন্ন উপজেলার ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন কাচারি পুকুরসহ ইজারাযোগ্য সরকারি জলমহালগুলোর সংস্কার ও পুনঃখনন কার্যক্রম বেগবান করার লক্ষ্যে নেত্রকোণায় এক গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে নেত্রকোণা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য:সভায় বক্তারা জানান, দীর্ঘদিন সংস্কারের অভাবে অনেক সরকারি জলমহাল ও ভূমি অফিস সংলগ্ন ঐতিহাসিক কাচারি পুকুরগুলো ভরাট হয়ে যাচ্ছে। এসব জলমহাল খননের মাধ্যমে একদিকে যেমন পানির ধারণক্ষমতা বাড়বে, অন্যদিকে মৎস্য চাষ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তা কার্যকর ভূমিকা রাখবে। সরকারের এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ইজারাযোগ্য জলমহালগুলোর সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করে রাজস্ব বৃদ্ধি করা।
অতিথিবৃন্দের বক্তব্য:অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাউদ্দিন নাগরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “সরকারি সম্পদ রক্ষায় জলমহালগুলোর সংস্কার অপরিহার্য। আধুনিক ভূমি ব্যবস্থাপনার অংশ হিসেবে এই খনন কাজ স্বচ্ছতার সাথে সম্পন্ন করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রকল্পের কাজ যথাযথভাবে তদারকি করার নির্দেশ দেন। সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব (পিআরএল) রেজাউল কবীর ও ভূমি সংস্কার বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উপস্থিতি:নেত্রকোণা জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোণা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় চার জেলার উপজেলাওয়ারি খননযোগ্য পুকুর ও জলমহালের তালিকা পর্যালোচনা করা হয় এবং দ্রুত বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়।

