
ফারুক আহমেদ ভূঁইয়া,
জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নে গোপিনাথপুর (দক্ষিণপাড়া) গ্রামে এক বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা, ভাঙচুর এবং নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী মোঃ ইমান আলী বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ মার্চ ২০২৪ তারিখ সকালে বিবাদীগণ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ইমান আলীর বাড়িতে অতর্কিত হামলা চালায়। ভুক্তভোগীর দাবি, বিবাদীগণ দীর্ঘদিন ধরে তার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা করে আসছিল এবং তাকে গ্রাম ছাড়ার হুমকি দিচ্ছিল।
অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, হামলার সময় বিবাদীগণ ঘরে রক্ষিত বাক্সের তালা ভেঙে জমি বিক্রির বায়নার নগদ ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা এবং ঘরের অন্যান্য আসবাবপত্র লুট করে নিয়ে যায়। এসময় বাধা দিতে গেলে ইমান আলীর স্ত্রী এবং পরিবারের সদস্যদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয় এবং তাদের গুরুত্বর আহত করা হয়। আহতরা বর্তমানে জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাদী ইমান আলী অভিযোগে আরও জানান, বিবাদীগণ অত্যন্ত প্রভাবশালী হওয়ায় তারা প্রকাশ্যে তাকে এবং তার পরিবারকে খুনের হুমকি দিচ্ছে। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

