
সাজ্জাদ হোসেন কাজল,নিজস্ব প্রতিনিধি, আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযানে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজির চালকসহ দুই ব্যক্তি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, ০৮ মার্চ ২০২৬ খ্রি. বিকাল ৪টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন পুনিয়াউট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি কার্যক্রম শুরু করা হয়।
এ সময় একটি সিএনজি অটোরিকশা চেকপোস্টের দিকে এগিয়ে আসলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজির চালক ও সিএনজিতে বসে থাকা অপর একজন ব্যক্তি দ্রুত সিএনজি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ডিবি পুলিশের সদস্যরা সিএনজিটি আটক করে তল্লাশি চালান।
তল্লাশির একপর্যায়ে সিএনজির ভেতরে থাকা একটি বস্তার মধ্যে লুকিয়ে রাখা ১৪ (চৌদ্দ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও সিএনজি বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক ব্যবসায়ীরা গোপনে এই গাঁজা পরিবহন করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের পরিকল্পনা করছিল। তবে পুলিশের তৎপরতার কারণে তাদের সেই পরিকল্পনা ভেস্তে যায়।
এ ঘটনায় পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে এবং তাদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ আরও জানায়, মাদক পাচার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

