
এ.এম.আইয়ুবঃবিশেষ প্রতিনিধি-
কক্সবাজারের চকরিয়ায় অপহরণের শিকার এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ মার্চ রাত আনুমানিক ২টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকা থেকে নিজ বাড়ি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং যাওয়ার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজনগর রাস্তার মাথা এলাকা থেকে মো. পারভেজ হোসেন (১৭) নামে এক কিশোরকে দুর্বৃত্তরা অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
ঘটনার পর ভিকটিমের পরিবার চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল প্রযুক্তিগত তথ্য-উপাত্তের সহায়তায় অভিযান শুরু করে। একপর্যায়ে কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ছগিরাকাটা এলাকার গহীন পাহাড়ি এলাকায় টানা প্রায় ১৬ ঘণ্টা অভিযান চালিয়ে অপহরণের সাথে জড়িত নুরুল ইসলাম (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুরুল ইসলামের পিতা মৃত আমির সুলতান এবং মাতা মমতাজ বেগম। তার বাড়ি রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ছগিরাকাটা এলাকার ৮ নম্বর ওয়ার্ডে।
পরে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (১১ মার্চ) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ছগিরশাহ কাটা এলাকা থেকে অপহৃত কিশোর পারভেজ হোসেনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পারভেজ হোসেন চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং চেয়ারম্যান পাড়ার বাসিন্দা এবং মনজুর আলমের ছেলে।
এ ঘটনায় চকরিয়া থানায় মামলা নং-১০, তারিখ ১১ মার্চ ২০২৬, জি.আর নং-৮৯; ধারা ৩৬৪/৩৬৫/৩৪ পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, অপহরণের সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

